ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার বিকালে উপজেলার বুড়িগঙ্গার মাঝ নদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। এবং কড়েরগাও এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়।
নিহত অজ্ঞাত পরিচয়ে (৩০) যুবকের পড়নে ছিল জিন্সপ্যান্ট ও কালোছাপা শার্ট। বিদ্যুৎস্পৃষ্টে নিহত লাইনম্যানের নাম মো. এরশাদুল ইসলাম (৩০)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান, বিকালে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লাশ পঁচে গলে যাওয়ায় শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এএসআই মো. রাকিবুল ইসলাম জানান, বিকেলে পল্লী বিদ্যুতের লাইনম্যান এরশাদুল কড়েরগাও এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নিহতের পরিবার কোন অভিযোগ না করে লাশ বিনাময়নাতদন্তে নিয়ে যাওয়ার সুপারিশ করলে আইনী প্রক্রিয়ায় লাশ রোববার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এএন
