প্রবীণ রাজনীতিবিদ অজয় রায় আর নেই

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:৩৭
 
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক  এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় আর নেই। সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
 
অজয় রায়ের পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার দুই মেয়ে ও এক ছেলে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে থাকেন। সন্তানরা ফিরলেই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
 
অনেক দিন ধরেই অজয় রায় অসুস্থ ছিলেন। তিনি নিউমোনিয়া, কিডনি, হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।
 
পরিবারের সদস্যরা জানান, আগামী ১৯ অক্টোবর বুধবার অজয় রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ সকাল ১০টায় নেয়া হবে। তার ইচ্ছা অনুযায়ী মরদেহ দাহ না করে সমাধিস্থ করা হবে। নাগরিক শ্রদ্ধাঞ্জলির পর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাধিস্থ করা হবে।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস