সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এখনো কাঁধের ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্বের সাবেক এক নম্বর এই তারকা।
আগামী ২৩ অক্টোবর থেকে বছরের শেষ এই ঐতিহ্যবাহী ইভেন্ট শুরু হচ্ছে। ইতোমধ্যেই ডব্লিউটিএ কর্তৃপক্ষ সেরেনার না খেলার বিষয়টি টুইটার ফিডে নিশ্চি করেছেন। একইসাথে এ সম্পর্কিত সেরেনার একটি ভিডিও পোস্ট করেছে।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ইনজুরির কারণে বছরের শেষ এই ইভেন্টে অংশ নিচ্ছেন না সেরেনা।
এ সম্পর্কে ভিডিও বার্তায় সেরেনা বলেছেন, এবারও অংশ নিতে না পেরে আমি সত্যিই হতাশ। পুরো বছরে কাঁধের ইনজুরির কারনে আমি বেশ কঠিন সময় পার করেছি। প্রতিটি দিনই আমার জন্য বেশ কঠিন ছিল। চিকিৎসকরা জানিয়েছেন অবশ্যই আমি যেন ঘরে থেকে বিশ্রাম নেই।
ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেবার পরে চায়নায় অনুষ্ঠিত শেষ দুটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২২বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। ইউএস ওপেনের বিদায়ের পরেই ১৮৬ সপ্তাহের বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থানের মসনদ হারাতে হয়েছে তাকে।
তাকে হটিয়ে এই স্থানটি দখল করে নেন ইউএস ওপেন বিজয়ী জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। চলতি বছর সেরেনা উইম্বলডনের মাধ্যমে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। এরপরপরই কাঁধের ইনজুরির কারনে রিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডে বিদায় নিয়ে স্বর্ণ হাতছাড়া হয়।
ডব্লিউটিএ প্রধান নির্বাহী স্টিভ সাইমন এক বিবৃতিতে জানিয়েছেন সেরেনা খেলতে না পারায় তার ভক্তরা বেশ হতাশ হয়েছে। একইসাথে তিনি সেরেনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সেরেনার নাম প্রত্যাহারে আটটি শীর্ষ স্থানের জন্য দরজা খুলে গেছে বৃটেনের ইয়োহানা কোন্টা, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো ও রাশিয়ার সেভেতলানা কুজনেতসোভার। এর আগে শীর্ষ আটে থাকার লড়াইয়ের জন্য নাভারো অথবা কুজনেতসোভার আগামী সপ্তাহে মস্কোতে শুরু হওয়া ভিটিবি ক্রেমলিন কাপ অবশ্যই জিততে হতো। সিঙ্গাপুরের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন আগনিয়েস্কা রাদাওয়ানাস্কা বর্তমান শীর্ষ বাছাই কারবারের বিপক্ষে নিজের শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোর্টে নামবেন। এএফপি
ইত্তেফাক/এমএইচ
