হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সোমবার নির্ধারিত তারিখে মামলার বাদী আব্দাল মিয়ার সাক্ষ্য গ্রহণ করা হয়। জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে তিনি সাক্ষ্য দেন।
একই দিনে অপর সাক্ষী আব্দুল আহাদও সাক্ষ্য দেন। তবে অফিস সময় শেষ হওয়ায় তার সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত রেখে আদালত মুলতবি ঘোষণা করা হয়। ১৯ অক্টোবর তার সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ সময় আদালতের কাঠগড়ায় ৫ আসামি উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা থেকে মামলার বাদী আব্দাল মিয়ার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় দ্বিতীয় সাক্ষী আব্দুল আহাদের সাক্ষ্য গ্রহণ। তার সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় ১৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের তাজেল মিয়া (৯), মনির মিয়া (৫), জাকারিয়া আহমেদ শুভ (৬) ও ইসমাইল হোসেন (১১)। তারা প্রত্যেকেই একে অপরের চাচাতো ভাই। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
