আরো ৫ বছর বার্সায় নেইমার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২১:১৯
ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে নিজেদের চুক্তি নবায়ন করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আগামী পাঁচ বছরের নতুন চুক্তি করতে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।
 
সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, আগামী শুক্রবার নেইমার চুক্তিতে সই করবেন। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প ন্যুতেই থাকবেন ব্রাজিলিয়ান সেনসেশন।
 
২০১৩ সালে বার্সায় যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪৯ ম্যাচে ৯০টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগসহ মোট ৯টি শিরোপা।
 
লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে মিলে ‘এমএসএন’ খ্যাত বিধ্বংসী আক্রমণ ভাগ তৈরি করেছেন। ২০১৪-১৫ মৌসুমে মোট ১২২ গোল করেন। পরের মৌসুমে ছাড়িয়ে যান পূর্বের পারফরম্যান্স; করেন রেকর্ড ১৩১ গোল।
 
ইত্তেফাক/এমএইচ