মসুলে ‌‘অগ্রগতি’ হয়েছে ইরাকি বাহিনীর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১০:৪০
 
ইরাকের মসুলে তথাকথিত আইএসের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের প্রথম দিনে ইরাকি বাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছে পেন্টাগন। মসুলে পুনরুদ্ধারে দ্বিতীয় দিনের মতো যুদ্ধ শুরু হয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
 
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, মসুলের লড়াই শেষ হতে বেশ সময় লাগতে পারে কারণ তথাকথিত ইসলামিক স্টেট রুখে দাঁড়িয়ে লড়াই করবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না।
 
মসুল পুনরুদ্ধারে প্রথম দিনে ভাল অগ্রগতি হলেও জিহাদিদের সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে খুবই কম এবং বিশ্লেষকরা বলছে, এখনো পর্যন্ত অর্জন অনেকটাই প্রতীকী।
 
এদিকে মসুল অভিযানে কুর্দি পেশমেরগা যোদ্ধা এবং ইরাকি বাহিনীর যৌথ অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট মাসুদ বার্জানি। ইরবিলের কাছে খাজির শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে আইএসের হাত থেকে অনেক এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত ২০০ বর্গকিলোমিটার এলাকা স্বাধীন হয়েছে। এটি মসুল অভিযানের প্রথম ধাপ। 
 
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের দখলে যায় ২০১৪ সালে। জঙ্গি সংগঠনটির প্রধান, আবু বকর আল বাগদাদি এরপর তার তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার জন্য মসুলকেই বেছে নেন। একারণে মসুল পুনরুদ্ধারের একটি প্রতীকী মূল্যও রয়েছে বলে মনে করছে পেন্টাগন।
 
ইত্তেফাক/এএসএস