দীপিকা পাডুকোনের প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স’ নিয়ে এরইমধ্যে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ‘রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রথম ট্রেলারে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য নজরে পড়েছিলেন দীপিকা পাডুকোন। তা দেখে মন ভরেনি কারোরই, কাজেই বেশ হতাশ হয়েছিল দর্শকমহল। তবে এবার ছবির দ্বিতীয় ট্রেলারে সেই আক্ষেপ মিটিয়ে দিল। এই ট্রেলরে দীপিকাই মূল আকর্ষণ—পুরো ট্রেলারজুড়েই তিনি।
গত ১৬ অক্টোবর বিগ বস ১০-এর লঞ্চের দিনই মুক্তি পেয়েছে ১ মিনিট ২০ সেকেন্ডের এই নতুন ট্রেলারটি। দীপিকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আর সেখানেই দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পেল ‘ট্রিপল এক্স’-এর দ্বিতীয় ট্রেলার। ট্রেলারে দীপিকাকে দেখা গিয়েছে রণংদেহী অবতারে। জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ ধাঁধিয়ে দিয়েছেন দর্শকদের। ছবিতে ভারতীয় ‘সেলেনা অ্যাঙ্গার’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
এদিকে ভিন ডিজেলের সঙ্গে দীপিকা পাডুকোনের রোমান্স ও টুইটারে দেওয়া ছবি নিয়ে বেশ টিপ্পনী কেটেছেন বিগবস সালমান!
