খাদ্যবান্ধব কর্মসূচিকে বিতর্কিত করলে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৩:১০
 
খাদ্যবান্ধব কর্মসূচিকে বিতর্কিত হতে দেবে না সরকার। কোন ধরনের অনিয়ম করলে সে যে দলেরই হোক ছাড় দেয়া হবে না। মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন।
 
কামরুল ইসলাম বলেন, আমরা কোন ভাবেই এই কর্মসূচিকে বিতর্কিত হতে দেবো না। এই কর্মসূচিতে জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
তিনি বলেন, দরিদ্র জনগণের জন্য এই কর্মসূচি। তারা যাতে ১০ টাকা কেজিতে চাল পায় তা নিশ্চিত করতে হবে। আমরা দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই চাল দিতে পারব না। কিন্তু এই ৫০ লাখ পরিবার যাতে নিয়ম মোতাবেক এই চাল পায় তার ব্যবস্থা করতে হবে।
 
মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মে জড়িত থাকায় এখন পর্যন্ত ২২ জনের বিরুদ্ধে ১১টি মামলা, ছয়জনকে গ্রেফতার, নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ৪৪ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস