আনুশকার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন করণ!

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৪:৫৮
বর্তমানে বলিউডে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন আনুশকা শর্মা। তার ক্যারিয়ার গ্রাফ দেখলেই বোঝা যায়, তিনি ভারতের সব বড় অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। তিনিই একমাত্র নায়িকা যার অভিনীত দুটো ছবি (সুলতান ও পিকে) ৩০০ কোটি রুপির ক্লাবে পা রেখেছে। এই নায়িকা দর্শকদের আরও একবার মুগ্ধ করার জন্য তৈরি, শিগগিরই আসছে তার পরবর্তী ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'।
 
আনুশকা বলিউডে পা রাখেন ২০০৮ সালে, 'রব নে বানা দি জোড়ি' ছবি দিয়ে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। তবে অনেকেই জানেন না, করণ জোহর প্রথমদিকে একেবারেই পছন্দ করতেন না আনুশকাকে! শুধু তাই নয়‚ তিনি আদিত্যকেও বার বার বলেছিলেন আনুশকাকে 'রব নে বানা দিন জোড়ি' ছবিতে না নেওয়ার জন্য!
 
সম্প্রতি করণ এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তখন আরও উপস্থিত ছিলেন রণবীর কাপুর এবং আনুশকা শর্মা। 
 
করণের ভাষ্য, 'রব নে বানা দি জোড়ি ছবি শুরুর আগে আদিত্য আমাকে আনুশকার ছবি দেখায়। আমার মোটেই তাকে ভালো লাগেনি। আমি বারবার আনুশকাকে নিতে বারণ করেছিলাম। এমনকি, এও বলেছিলাম, আনুশকা বলিউডে বেশিদিন টিকবে না‚ এক-দুটো ছবি করেই সে বলিউড থেকে বিদায় নেবে। যাই হোক‚ আমি কতটা ভুল ছিলাম তা দেখাই যাচ্ছে।'
 
তবে একই সঙ্গে করণ জানান, আনুশকাকে 'ব্যান্ড বাজা ভারত' ছবিতে দেখে অবাক বনে যান তিনি। এবং এরপর আনুশকার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠেন। অবশেষে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির কল্যাণে সেই সুযোগ পেলেন তিনি।
 
ইত্তেফাক/এএম