কুমিল্লায় বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:১৬
কুমিল্লার আদালতে ভাঙচুরের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে ড. খন্দকার মোশাররফ কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত হোসেনের আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তার আবেদন খারিজ করে মামলার চার্জ গঠন করেন। 
 
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দির সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার নিজ গ্রাম জুরানপরের বাড়িতে ২০০২ সালের ৫ সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০০৫ সালের ১ জানুয়ারি ওই গ্রামের ইফতেখার হায়দার সায়মন বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। পরে ওই মামলার বাদী ২০০৭ সালের ১২ মার্চ কুমিল্লার আদালতে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ১ নম্বর আসামি করে আগের মামলার ৩২ জনসহ ৩৩ জনের নামে পুনরায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় জামিনে থাকা ড. খন্দকার মোশাররফসহ অন্যান্য অভিযুক্তরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক আবেদন খারিজ করে মামলার চার্জ গঠন করেন। আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি