অসদাচরণের অভিযোগে তিন আইনজীবীকে পেশা থেকে অপসারণ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:১৬
পেশাগত অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিন আইনজীবীকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। 
 
ওই তিন আইনজীবী হলেন, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মিনারা খাতুন লাকি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিন। সম্প্রতি বার কাউন্সিলের পৃথক দুটি ট্রাইব্যুনাল তাদের আদেশে এসব আইনজীবীকে পেশা হতে অপসারন করে।
 
বার কাউন্সিলের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাডভোকেট মিনারা খাতুনের বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ করেন মোসাম্মত বিউটি নামের এক বিচারপ্রার্থী। ওই অভিযোগে বলা হয়, মিনারা খাতুন মোছাম্মৎ বিউটির স্বামীকে একটি মামলায় জামিন করিয়ে দেবেন বলে ভুয়া, বানোয়াট ও সাজানো জামিননামা এবং রিলিজ আদেশ তৈরি করে অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে প্রতারণা করেছেন। বিষয়টি সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় বার কাউন্সিলের ৫ নম্বর ট্রাইব্যুনাল মিনারা খাতুন লাকীকে আইনপেশা হতে স্থায়ীভাবে অপসারণের আদেশ দেয়। 
 
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মোসাদ্দেক চৌধুরী নামের এক ব্যক্তি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শফিউল আজম চৌধুরী ও মো. তসলিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, একটি নালিশি সম্পত্তি বিষয়ে বাদীর আইনজীবী থাকা এবং মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ওই দুই আইনজীবী সম্পত্তিটি পরস্পর যোগসাজশে নিজ ও স্ত্রীদের নামে রেজিস্ট্রেশন বায়নানামা তৈরি করেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় বার কাউন্সিলের এক নম্বর ট্রাইব্যুনাল ওই দুই আইনজীবীকে আইনপেশা হতে স্থায়ীভাবে অপসারণ করে। তবে অপসারন হওয়া আইনজীবীরা এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করতে পারবেন বলে জানা গেছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই