আবারো হারের বৃত্তে মোহামেডান

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২০:১৯
টানা হারতে থাকা মোহামেডান হঠাৎ করে জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। কোচ ছাড়াই লিগে নিজেদের প্রথম জয় পেয়েছিলো সাদা-কালোরা।
 
তবে এক ম্যাচ পরে আবারো হারের বৃত্তে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এই দলটি।  মঙ্গলবার দুর্বল দল উত্তর বারিধারার কাছে  ১-০ গোলে হেরেছে তারা।  
 
এই হারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দশম স্থানে নেমে এসেছে সাদা কালো জার্সিধারীরা।
 
এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তেমন একটা তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ‍শুরুর দিকে এগিয়ে যেতে পারতো সাদা-কালোরা।  শাহাদাত হোসেন শাহেদের বাড়ানো বলে ইসমাইল বাঙ্গুরার হেড ফিস্ট করে ফিরিয়ে দেন উত্তর বারিধারার গোলরক্ষক মোহাম্মদ এরশাদ।
 
দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে ডান দিক দিয়ে মোহামেডানের বদলি ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব চেষ্টা করলেও লক্ষ্যভেদ করতে পারেননি।
খেলার এমন অবস্থাতেই ৮০তম মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় বারিধারা। ইউসুফ আলি খান ও বিশ্বনাথ ঘোষ দুজনে মিলে বক্সের মধ্যে খালেকুজ্জামান সবুজকে ফাউল করলে পেনাল্টি পায় উত্তর বারিধারা। পেনাল্টি থেকে গোলরক্ষক মোহাম্মদ নেহালকে সহজেই পরাস্ত করেন সবুজ।
 
১১ ম্যাচে এক জয়, ৬ ড্র এবং চার হার নিয়ে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। অন্যদিকে উত্তর বারিধারা দ্বিতীয় জয় নিয়ে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে।
 
 
ইত্তেফাক/এমএইচ