মার্কিন প্রেসিডেন্ট নিবার্চনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অযথা ‘ঘ্যান ঘ্যান’ বন্ধ করতে বলেছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবাম। ‘নির্বাচনে কারচুপি হবে’-ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন ওবামা।
বারাক ওবামা বলেন, আমি জীবনেও দেখিনি যে কোন ভোট হবার আগেই প্রেসিডেন্ট প্রার্থী আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। এটা নজিরবিহীন। এরকম অভিযোগের কোন ভিত্তি নেই। ট্রাম্পের প্রতি আমার পরামর্শ, এমন অযথা ঘ্যান ঘ্যান বন্ধ করুন এবং কিভাবে কিছু ভোট পাওয়া যায় তার চেষ্টা করুন।
ইতালির প্রেসিডেন্ট মাত্তিও রেনজি এখন আমেরিকা ভ্রমণ করছেন। তাকে নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
আমেরিকার রাজনীতিতে বহু বছর ধরেই যেখানে রুশ-মার্কিন সম্পর্ক স্পর্শকাতর একটি ব্যাপার সেখানে এক রেডিও অনুষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে জিতলে ক্ষমতা গ্রহণের আগেই তিনি রাশিয়া গিয়ে পুতিনের সাথে বৈঠক করে আসবেন।
এই বিষয়ে বারাক ওবামা বলেন, ট্রাম্প পুতিনের স্তুতি করা অব্যাহত রেখেছেন। সেই সাথে মনে হচ্ছে তিনি তার নীতি ও কৌশলও সাজাচ্ছেন অনেকখানি পুতিনের উপর ভিত্তি করেই।
বেশ কয়েকদিন ধরেই প্রায় সব তরফেই তোপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে কিছু কথোপকথন ফাঁস হওয়ায় এবং যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে জনমত জরিপগুলোতে। খবর: বিবিসি।
ইত্তেফাক/এএসএস
