মাস কয়েক আগে ক্যাটরিনা কাইফের সাথে সম্পর্ক ভেঙে যায় রণবীর কাপুরের। মুখে স্বীকার না করলেও বেশ অনেক দিন চুটিয়ে প্রেম করেন বি-টাউনের এই 'পাওয়ার-কাপল'। সব চুকেবুকে যাওয়ার আগে তো একই ফ্ল্যাটেই থাকতে শুরু করেছিলেন দুজন। তারপর বিনা মেঘে বজ্রপাত, দুজনের একই সাথে চলাটা দুই দিকে বেঁকে যায়!
ওই ধাক্কা ক্যাটরিনা সামলে উঠতে পেরেছেন কিনা জানা যায়নি। তবে রণবীরের ক্ষতটা বুঝি শুকিয়েছে অনেকখানি। যার প্রমাণ, ঋষি কাপুর পুত্রের আবারও প্রেমিকা খুঁজতে উদ্যমী হয়ে ওঠা।
শ্রুতি হাসানের সাথে প্রেম করছেন রণবীর, সম্প্রতি এমন গুঞ্জন চাউর হয় বি-টাউনে। তবে এবার শোনা যাচ্ছে, শ্রুতি নয়; জ্যাকুলিন ফার্নান্দেজকে নিশানা করেছেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এর নায়ক।
রিয়্যালিটি টিভি অনুষ্ঠান 'ঝালাক দিখলা যা ৯' এর বিচারকের দায়িত্ব পালন করছেন জ্যাকুলিন। ওই অনুষ্ঠানের সেটে নিজের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির প্রচারের জন্য গিয়েছিলেন রণবীর। সেখানে জ্যাকুলিনকে বাগে আনতে কথার ফুলঝুরি ছোটান রণবীর, যার সাথে তার ওই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশের কোনো যোগ নেই। তার আচরণই স্পষ্ট করে দেয় জ্যাকুলিনে কতটা মজে আছেন তিনি!
ইত্তেফাক/এএম
