আফগান সরকারের সঙ্গে গোপন বৈঠকের খবর তালেবানের প্রত্যাখ্যান

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:০১
দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষে আফগান সরকারের সাথে গোপন বৈঠকের খবর তালেবান বুধবার প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছে, এ ব্যাপারে তাদের কঠোর নীতি অপরিবর্তিত রয়েছে।
 
মঙ্গলবার আফগান কর্মকর্তারা জানান, তারা সেপ্টেম্বর থেকে দোহায় দু’বার বৈঠক করেছে। সেখানে তালেবানের একটি রাজনৈতিক দপ্তর রয়েছে। যুক্তরাজ্যের দি গার্ডিয়ান সংবাদপত্র প্রথম এ সংবাদ প্রকাশ করে। এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে আফগান সরকারের সাথে কোন আলোচনা বা বৈঠকের খবর প্রত্যাখ্যান করেছেন।
 
প্রেসিডেন্ট প্রাসাদ সূত্রের বরাত দিয়ে স্থানীয় টোলো টেলিভিশনের খবরে বলা হয়, কাতারের একটি বৈঠকে আফগানিস্তানের গোয়েন্দা প্রধান মোহাম্মাদ মাসুম স্তানেকজাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মাদ হানিফ আতমার যোগ দিয়েছিলেন। তবে তালেবানের অফিসিয়াল টাইটেল উল্লেখ করে মুজাহিদ বলেন, ‘ইসলামিক আমিরাতের প্রতিনিধিরা স্তানেকজাই বা অন্য কোন কর্মকর্তার সাথে সাক্ষাত করেননি। আলোচনার ব্যাপারে আমাদের অবস্থানের কোন পরিবর্তন নেই। এ ব্যাপারে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট।’
 
সরকারের সাথে শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসেবে তালেবান আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়ার ওপর জোর দিয়ে আসছে। গার্ডিয়ানের খবরে বলা হয়, আফগান সরকারের সাথে আলোচনায় মোল্লা আব্দুল মান্নান আকন্দ অংশ নিয়েছিলেন। তিনি হচ্ছেন তালেবানের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের নেতা মোল্লা ওমরের ভাই। উল্লেখ্য, ২০১৩ সালে মোল্লা ওমর মারা যান।
 
তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে আরো বলা হয়, কাতারে আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কূটনীতিকও উপস্থিত ছিলেন। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ