তুরস্ক ও ইরাকি নেতৃবৃন্দের সঙ্গে মসুল নিয়ে পুতিনের আলোচনা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:১২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মসুল অভিযান নিয়ে তুরস্ক ও ইরাকের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বুধবার ক্রেমলিন একথা জানায়।
 
 
ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটির নিয়ন্ত্রণ নিতে ইরাকি বাহিনী অভিযান শুরু করেছে। পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির আলোচনার বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন ‘ইরাকি সেনাবাহিনী ও এর মিত্রদের পূর্ণ সাফল্য কামনা করেছেন। তিনি ইরাকি নেতাকে ‘সিরিয়ার আলেপ্পো নগরীর পরিস্থিতি শান্ত করতে রাশিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ব্যাপারেও অবহিত করেন।’
 
মস্কো মঙ্গলবার ঘোষণা করে, বৃহস্পতিবার আলেপ্পো নগরীতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে রুশ ও সিরীয় বিমান বাহিনী ৮ ঘণ্টা বোমা হামলা বন্ধ রাখবে। পুতিন সিরীয় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে বুধবার বার্লিনে ফরাসি ও জার্মান নেতৃবৃন্দের সঙ্গে এক সম্মেলনে যোগ দিচ্ছেন।
 
ক্রেমলিন আরো জানায়, পুতিন মসুলের যুদ্ধ পরিস্থিতি নিয়েও এরদোয়ানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। সোমবার ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটি মসুলে দীর্ঘ প্রতীক্ষিত অভিযানটি শুরু হয়। এতে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে সহায়তা করছে। এএফপি। 
 
ইত্তেফাক/এসএসএ