ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা। আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগানো ছাড়া বিকল্প নেই।'
মন্ত্রী বুধবার রাজধানীর উত্তরা আইইউবিএটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ৭৩তম অরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে রানার ওয়েল ও গ্যাস কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত সচিব ড. মো. মজিবুর রহমান, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, প্রফেসর আব্দুল হক, ড. উৎপল কান্তি দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সপ্তাহব্যাপী ৭৩তম অরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা তাদের পরিচয় দেন। ২০১৬ সালের ফল সেমিস্টারে কলেজ অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ৪টি বিভাগের অরিয়েন্টেশন শুরু হয়।
ছাত্র-ছাত্রীদের গণতন্ত্রের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের পরিচ্ছন্ন জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে শামসুর রহমান শরীফ বলেন, 'নিজেকে গড়া হলে একটি সুন্দর পরিবার গড়া হবে, সুন্দর পরিবার গড়া হলে এদেশ সোনার বাংলা হবে।' -বাসস।
ইত্তেফাক/এসএস
