ভেজাল খাদ্য তৈরি করায় ৫ রেস্টুরেন্টকে জরিমানা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ২১:১৯
ভেজাল খাদ্য তৈরি ও বিক্রি করার দায়ে রাজধানীর সাত মসজিদ সড়কের পাঁচটি রেস্টুরেন্টকে পৃথকভাবে ৪ লাখ টাকা জরিমানা এবং ৬ জনকে আটক করেছে র‌্যাবের ভ্রমমাণ আদালত।
 
জরিমানা আদায়কৃত রেস্টুরেন্টগুলো হচ্ছে- কমিক ক্যাফে, সাবরুসু রেস্টুরেন্ট, ক্যাফে ফ্যাসুলিন, মেস্কবাইট গ্রিল ও দি ওরিয়েন্টাল স্কাইলাউঞ্চ। র‌্যাব-২ এর ভ্রমমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
 
র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত র‌্যাব-২ এর উদ্যোগে বিএসটিআই'র সহযোগিতায় রাজধানীর সাত মসজিদ রোডে ভ্রমমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
 
ভ্রমমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর উপ-পরিচালক মো: মাহবুব আলম, বিএসটিআই'র ফিল্ড অফিসার মো: শহীদুল ইসলাম।
 
র‌্যাব কর্মকর্তারা জানান, সাত মসজিদ রোডস্থ কমিক ক্যাফে'তে অভিযান পরিচালনাকালে দেখা যায়, মেয়াদ উত্তীর্ণ স্ট্রবেরী ফুড ফ্লেভার, কাস্টার্ড পেস্ট ব্যবহার এবং বিএসটিআই'র লাইসেন্স ব্যতীত বিভিন্ন ধরনের কেক উৎপাদন ও বিপণন করছে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এসময় ওই রেস্টুরেন্ট ম্যানেজার মো: সজীবকে (৩০) আটক করা হয়। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই অধ্যাদেশ মোতাবেক তাকে এক লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস