ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, 'আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।'
তিনি বলেন, 'পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও বিভিন্ন প্রবেশ গেট এবং প্রধান সড়কের সংযোগস্থলে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে। ডিএমপি'র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব সিসি ক্যামেরার মাধ্যমে সম্মেলনস্থল ও আশেপাশের এলাকা মনিটরিং করা হবে।
তিনি বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় ডিএমপি'র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার জানান, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মঞ্চ নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তার পুরো দায়িত্বভার গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত তারা ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এ সময় সোয়াট, র্যাব, গোয়েন্দা পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করা হবে।
'তিন দিন সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবে না দর্শনার্থীরা, নিয়ন্ত্রণ হবে আশপাশের সড়কগুলোও' উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, 'আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে আগামী শুক্রবার থেকে রোববার ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। ওই সময়কালে সম্মেলনে আগত অতিথি ও আমন্ত্রিতদের চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।'
ডিএমপি কমিশনার জানান, সম্মেলনে কাউন্সিলর ও অতিথিদের নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্য সম্মেলনের দুই দিন শনি ও রবিবার ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর শাহবাগসহ আশেপাশের বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য বেশ কিছু সড়কে ডাইভারশন করা হবে।'
সম্মেলনের ডেলিগেটস, কাউন্সিলর ও আমন্ত্রিতদের চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্য আগামী শনিবার থেকে সম্মেলন এলাকার আশপাশে ভবঘুরে, হকার ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে তিনি জানান। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মীরাই সম্মেলন এলাকায় প্রবেশের অনুমতি পাবেন এমনটিই বলেন ডিএমপি কমিশনার।
আগামী শনি ও রবিবার ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস
