ভারতের উত্তরখণ্ড রাজ্যের করবেট সংরক্ষিত বনে স্থানীয় মানুষ ও পর্যটকদের আতঙ্কের প্রতিশব্দ হয়ে ওঠা এক মানুষখেকো বাঘিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। গ্রামের মানুষের গুলিতে মারা যাওয়ার আগে গত কয়েক সপ্তাহে দুই জন মানুষকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল ৩ বছর বয়সী বাঘটি।
৪৫ দিন ধরে ব্যাপক ডামাডোল পিটিয়ে এই মানুষখেকো বাঘিনীটিকে খোজা হচ্ছিল। ঢোল পেটানো গ্রামবাসী, বনরক্ষী, হেলিকপ্টার, ড্রোন, হাতি ও শিকারী কুকুরের মহাযজ্ঞের এই শিকার পর্ব বুধবার রাতে শেষ হয়। রামনগরে বাঘটিকে ফাঁদে ফেলার পরে বনরক্ষী ও গ্রামবাসীরা ১১ বার গুলি করে। রক্তের ছাপ অনুসরণ করে বৃহস্পতিবার সকালে একটি আখ খেতে বাঘটির মৃতদেহ খুঁজে পায় শিকারিরা।
বাঘিনীটি খুঁজতে প্রায়য় এক কোটি রূপি খরচ করা হয়েছে। মানুষখেকো বাঘিনীটি স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছিল। শিশুরা বিদ্যালয়ে যেতে পর্যন্ত ভয় পেত, সন্ধ্যা হলে মানুষ ঘর থেকে বের হতো না। বাঘিনীটিকে শিকারে বের হওয়ার আগে গ্রামবাসী ও বনরক্ষীরা পূজার আয়োজন করে দৈবিক সহায়তার জন্য প্রার্থনা করেছিল। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
