দিনের শুরুতেই ইংল্যান্ডকে বড় এক ধাক্কা দিল বাংলাদেশ। প্রথম দিন শেষে ৯২ ওভার খেলে ২৫৮ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিনের প্রথম বলেই হারালো আরো এক উইকেট। প্রথম দিন ৭৭ বলে ৩৬ রান করা ক্রিস ওয়েকসকে কোন রান করার সুযোগ না দিয়ে ক্যাচের ফাঁদে ফেলে আউট করেন তাইজুল ইসলাম।
এর আগে মিরাজের রাজকীয় অভিষেকে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের বল হাতে ৬৪ রানে ৫ উইকেট নেন।
ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ও প্রথম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৩৩ ওভারে ৬ মেডেনে ৬৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী মিরাজ। তাই দিন শেষে আলোকিত মিরাজ নিজের এমন উজ্জ্বল পারফরমেন্সে বেশ খুশী, ‘সত্যিই আমি খুব খুশী। এটি আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। এমন পারফরমেন্সের কারণে আমি অনেক বেশি খুশী। আমি চেষ্টা করেছি ভালো বল করার। তাই উইকেট পেয়েছি। উইকেট বেশ ভালো। উইকেটে স্পিন আছে। আশা করি আগামীকালও ভালো পারফরমেন্স করবো।’
ইত্তেফাক/আরএ
