নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রীর সাথে পলকের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৬:৪৭
 
‘বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম অব্যাহতভাবে দ্রুততার সহিত বাস্তবায়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসীয়। আগামীতে নেপাল ও বাংলাদেশ একসাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার মাধ্যমে ডিজিটাইজেশন প্রক্রিয়া এগিয়ে নেবে।’
 
শুক্রবার সকালে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী সুরেন্দ্র কুমার কার্কির এক দ্বিপাক্ষিক বৈঠকে নেপালি মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
 

বৈঠকে একসাথে পর্যটন খাতের কমন কন্টেন্টগুলো শেয়ার করার জন্য অ্যাপ ডেভেলপ করার মাধ্যমে বাংলাদেশ-নেপালের পর্যটন খাতকে এগিয়ে নেয়া, উদ্যোগক্তাদের উন্নয়নে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মাধ্যমে সহযোগিতামূলক পরিবেশ তৈরী করা, বাংলাদেশ সরকারের ই-জুডিশিয়ারি প্রকল্পের আদলে নেপালেও ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো, রিজিওনাল কানেকটিভিটি ব্যাকবোন উন্নয়নে গৃহিত সাসেক প্রকল্পের নেপাল অংশ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা করা এবং প্রাকৃতিক দুর্যোগে তথ্য সুরক্ষার জন্য কালিয়াকৈরে স্থাপিত হওয়া ডেটা সেন্টারে নেপালের তথ্য রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সকালে প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ইউনিসেফ বাংলাদেশ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।