রামপালের বিরুদ্ধে শতকরা ৯৯ জন : আনু মুহাম্মদ

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২০:১২
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলে গণভোট দিলে শতকরা ৯৯ ভাগ মানুষই রামপালের বিরুদ্ধেই ভোট দেবেঅ এর মধ্যে আওয়ামী লীগের কর্মীরাও আছেন। তিনি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ারও দাবি জানিয়েছেন। 
 
শুক্রবার ময়মনসিংহ মালগুদাম সিপিবি কার্যালয়ের সামনে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোকছেুদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আগামী ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য সবার সহযোগিতা দাবি করেন। 
 
এদিকে ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউটে ‘সুন্দরবন রক্ষা ও রামপাল বিদুৎ প্রকল্প’ বিষয়ক সভা করতে না দেয়ার প্রতিবাদে গণসংহতি আন্দোলন ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। এতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের আবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সামিনা লুৎফা প্রমুখ বক্তব্য রাখেন। 
 
সভা করতে না দেয়ার নিন্দা জানিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সুন্দরবন কোন নান্দনিকতার বিষয় নয়, এটা অস্তিতের বিষয়। নতুন করে গাছপালা লাগিয়েও এ ধরনের সুন্দরবন ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করা যাবে না। কাজেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকারকে সরে আহ্বান জানান তিনি।