শেখ রাসেল স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জুনিয়র বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে হৃদয় ও মৌ। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জুনিয়র বালক একক বিভাগে রংপুর জেলা স্কুলের হৃদয় ৩-০ গেমে বিকেএসপির আকাশকে এবং বালিকা বিভাগের একক ফাইনালে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌ একই ব্যবধানে রাজশাহী শিক্ষাবোর্ডের আফসানাকে হারিয়ে শিরোপা জয় করেন।
সাব জুনিয়র বালক এককের ফাইনালে বিকেএসপির টোবা ৩-০ গেমে পাবনা টেকনিক্যাল স্কুলের সানকে এবং সাব জুনিয়র বালিকা একক বিভাগে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তুশী ৩-১ গেমে চট্টগ্রামের কাফকো স্কুলের মনামীকে হারিয়ে শিরোপা লাভ করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু, টিটি সম্পাদক এনায়েত হোসেন আল মারুফ ও বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
