ধূমপায়ী শিম্পাঞ্জি!

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০৮:৪৭
 
সাধারণ মানুষের বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানাটি। সংস্কারের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিলো চিড়িয়াখানাটি। জুলাই মাসে আবারো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে এটি। 
 
চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানরসহ নানা ধরনের পশুপাখি থাকলেও দর্শকের আকর্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছে একটি শিম্পাঞ্জি। অ্যাজালেই নামের ১৯ বছর বয়সী এই মেয়ে শিমাঞ্জিটির বিশেষ বৈশিষ্ট হলো এটি ধূমপানে অভ্যস্ত। দর্শকদের আনন্দের জন্য শিমাঞ্জিটির প্রশিক্ষক তার খাঁচার মধ্যে সিগারেট ও লাইটার ছুঁড়ে দিলে নিজেই সিগারেটে আগুন ধরিয়ে মনের আনন্দে বেশ আয়েশি ভঙ্গিতে তাতে সুখটান দেয়। অনেক সময় দর্শকরাও নিজের কাছে থাকা ধূমপানের সামগ্রী খাঁচার মধ্যে ছুঁড়ে দিলে তার সদ্ব্যবহার করতে ভুল করছে না অ্যাজেলেই।
 
সম্প্রতি শিম্পাঞ্জিটির ধূমপানের একটি ছবি গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে কেউ কেউ শিমাঞ্জিটির ধূমপানের অভ্যাসে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধ করার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।-এপি