আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে পুরো রাজধানী। তবে সোহরাওয়ার্দী উদ্যানের আলোকসজ্জা সবকিছুকে হার মানিয়েছে। বাইরে থেকে দেখতে মোহময় এক স্থান বলেই মনে হচ্ছে উদ্যানকে। শুধু আলোকসজ্জাই নয় আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে ঘিরে ব্যানার ফেস্টুনেও ভরে গেছে রাজধানী। সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা আর নানা রঙের ব্যানার ফেস্টুন ও পোস্টারসহ অপরূপ সাজে। নৌকার আঙ্গিকে তৈরি করা হয়েছে মঞ্চ।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন সড়ক ও ভবন সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উত্সবের আমেজ।
সম্মেলন ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। রাজধানীর প্রতিটি সড়ক ও অলিগলি এমনকি বড় বড় স্থাপনাগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো ঢাকাই যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়। সম্মেলনকে ঘিরে রাজধানীর এমন উত্সবের দৃশ্য নগরবাসীকে দিচ্ছে বাড়তি বিনোদন। সড়কদ্বীপসহ বিভিন্ন মোড়ে নানা ধরনের আলোর ঝলকানি মুগ্ধ করছে সবাইকে। প্রতিটি সড়কেই আওয়ামী লীগের নানা উন্নয়নমূলক শ্লোগান লেখা প্ল্যাকার্ড দৃষ্টি কাড়ছে সবার।
