অরিজিৎ সিং, সময়ের সবচেয়ে প্রশংসিত কণ্ঠশিল্পী। সেই তাকেই একই গান দুইবার গাইতে হলো। এমনটাও যে হতে পারে সেটা কি কখনো ভেবেছিলেন এই শিল্পী নিজে!
বলিউডে এখন সাড়া ফেলা গান মানেই অরিজিৎ সিং। তা 'তুম হি হো' হোক বা 'কভি বাদল জো বরসে' হোক। আর এখন তো 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর টাইটেল ট্র্যাক গেয়ে শিরোনামে তিনি, ছবির গানটি প্রকাশ হতেই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ সবাই!
তবে এ রকম নামীদামী গায়ক যদি একই গান দু’বার রেকর্ড করেন তাহলে তো গুঞ্জন উঠবেই!
গল্পটা হল, সম্প্রতি অরিজিৎ সিং 'তুম বিন ২' ছবির 'ইশক মুবারক' গানটি নতুন করে রেকর্ডিং করেন। ছবির পরিচালক অনুভব সিনহার কথায়, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার গানটি বেশি ভালো গেয়েছেন অরিজিৎ।
ছবির টিমের থেকে পাওয়া খবর, প্রথমবার গলা খারাপ থাকার কারণে অরিজিৎ ঠিকমতো গান গাইতে পারেনি। তাই গানটি নতুন করে গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
একবারে নতুন স্টার কাস্ট। তাই নিয়েই ২০০১ সালে বলিউডের বক্স অফিস কাঁপিয়ে ছিলেন পরিচালক অনুভব সিনহা। ছবির নাম 'তুম বিন'। ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, হিমাংশু মালিক ও সান্ডিল সিনহা। সেই ছবি ফের ফিরতে চলেছে পর্দায়। ছবির নাম ‘তুম বিন ২’! পরিচালক সেই অনুভব সিনহা।
তবে নতুন গল্প ও নতুন স্টার কাস্ট নিয়ে। পরিচালকের কথায়, ‘প্রায় ১৫০০ জনের অডিশন নিয়েছি। তার মধ্যে তিনজনকে বাছাই করেছি। যারা পুরনো ছবির ফ্লেভারটাকেও ধরে রাখবে, সঙ্গে নতুনত্বের স্বাদ দেবে।’
নতুন ‘তুম বিন’ ছবিতে অভিনয় করতে চলেছেন আদিত্য সিল, নেহা শর্মা ও অসীম গুলাটি। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকেই।
ইত্তেফাক/এএম
