বিপর্যয়ে ইংল্যান্ড

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৫:০৬
 
দ্বিতীয় ইনিংসে দলীয় সংগ্রহ ৬২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে মুখে পড়েছে ইংল্যান্ড দল। ব্যক্তিগত ২৪ রান করে সাজঘরে ফিরেছেন মঈন আলি। রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭২/৫। 
 
ইনিংসের শুরুতে মিরাজের প্রথম শিকারে পরিণত হন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। দলীয় ২৬ রানে মিরাজের বলে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা কুক। এরপরের ওভারে সাকিবের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন জো রুট। দ্বিতীয় ইনিংসে সাকিব তার ষষ্ঠ ওভারে বের ডাকেটকে ফেরান। 
 
মধ্যাহ্ন বিরতির পর মাঠে নেমে চতুর্থ উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। ব্যক্তিগত ৯ রান করে তাইজুলের বলে ও ইমরুল কায়েসের ক্যাচে সাজঘরে ফেরেন গ্যারি ব্যালেন্স । এরপর সাকিবের বলে ও মুশফিকের ক্যাচে আউট হন প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করা মঈন আলি। 
 
অবশ্য দিনের শুরুটা মোটেও ভাল কাটেনি বাংলাদেশের। ব্যাটিংয়ে দ্বিতীয় দিন বেশ ভালভাবে কাটালেও তৃতীয় দিন প্রথম সেশনে ৪৫ রানে পিছিয়ে থেকে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিন ২২১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনে মাত্র ২৭ রান যোগ করে ৫ উইকেট হারায়।