মাশরুম এক ধরনের ছত্রাক। অন্যান্য উদ্ভিদের মতো মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। চীন, কোরিয়াসহ, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খাদ্যোপযোগী মাশরুম।
খাদ্যোপযোগী মাশরুম উত্পাদনের ক্ষেত্রে সারা বিশ্বে সবার উপরে চীন। তবে সমপ্রতি স্কটল্যান্ডে ফলকির্কে এক নারী এমন একটি মাশরুম খুঁজে পেয়েছেন যেটির ওজন প্রায় সাড়ে দশ কেজি। মাশরুমটির পরিধি দেড় মিটারের বেশি। আমাদের দেশে বন-জঙ্গলে জন্মানো মাশরুম কিংবা চাষ উত্পাদন করা মাশরুমগুলোর ওজন সর্বোচ্চ দুইশ গ্রাম হয়ে থাকে। ইউরোপের কিছু দেশে কখনো কখনো দুই থেকে তিন কেজি ওজনের পাফবল মাশরুমও পাওয়া যায়। তাই বলে একটি মাশরুমে সাড়ে দশ কেজি হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। মাশরুমটিকে বাগান থেকে খুঁজে পেয়েছিলেন রেঞ্জার ফোয়না উইশার্ট নামের এক নারী।
মাশরুমটিকে পেয়ে নিজের ১৫ জন সহকর্মীকে ভাগ করে নেন তিনি। পরে এটিকে রান্না করে খেয়েছেন তারা। এতো বড়ো মাশরুম খাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে প্রত্যেকেই জানিয়েছেন, এটি বেশ সুস্বাদু ছিল।-স্কাই নিউজ
