ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কারণে গত দু-সপ্তাহ ধরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুশকিল পোহাচ্ছে। এর কারণ ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনয় করেছেন। আর তাই ছবিটি মুক্তি নিয়ে সংশয়ে আছেন পরিচালক করণ জোহর। অবশ্য সেই সংশয়ের এবার অবসান ঘটলো। চলচ্চিত্রটি মুক্তির জন্য সবুজ সংকেত পাওয়া গেছে। আর এই মুক্তি পাওয়া নিয়ে জমে উঠেছে আরেক গল্প। প্রথমে চলচ্চিত্রটিতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করায় মুক্তি পেতে দেবে না বলে হুমকি দিয়েছিল এমএনএস। প্রযোজকদের নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে ঠিকই, কিন্তু এমএনএস এখানে একটি শর্ত চাপিয়ে দিয়েছে প্রযোজকদের ওপর।
এই ঘটনা প্রসঙ্গে রাজ ঠাকরে বলেন, ‘যে সব প্রযোজকরা পাক শিল্পীদের নিয়ে কাজ করেছেন সেনা কল্যাণ তহবিলে তাদের ৫ কোটি রুপি করে দিতে হবে। পাকিস্তান ভারতের সবকিছু নিষিদ্ধ করতে পারলে আমরা কেন পারি না? ভিনদেশি শিল্পীদের কেন সুযোগ দেওয়া হচ্ছে এখানে?’ বলে রাখা ভালো, উরি হামলার পর থেকেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার হুমকি দিয়ে বিক্ষোভে নামে এমএনএস।
বিক্ষোভ প্রসঙ্গে রাজ ঠাকরে বলেন, ‘আমরা পাক শিল্পীদের বিরুদ্ধে বারবার জেগে উঠেছি, প্রতিবাদ করেছি, কিন্তু বলিউড শোনেনি। আশা করি এবার তারা এ বিষয়ে গুরুত্ব দেবে।’
