টরেন্টোতে বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ শপিং কমপ্লেক্স

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১০:২৩
 
গিনিজ বুকের রেকর্ড অনুসারে টরেন্টো শহরে রয়েছে বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম ভূগর্ভস্থ শপিং কমপ্লেক্স। শহরের ব্যস্ততম ডাউনটাউন নীচে টানেলটি প্রায় ৩০ কিলোমিটার অর্থাৎ ১৯ মাইল দীর্ঘ। চোখ ধাঁধানো ও নান্দনিক এই শপিং কমপ্লেক্সটির নাম পাথ। এর সঙ্গে পাতাল পথেই পাঁচটি রেল স্টেশন, কুড়িটি পার্কিং গ্যারাজ, ছয়টি প্রধান প্রধান হোটেল, দুইটি প্রধান ডিপার্টমেন্ট স্টোর এবং প্রায় দেড় হাজার দোকান রয়েছে।
 
ইউ টার্ন উইনিয়ন সাবওয়ে থেকে ওয়েলিংটন স্ট্রিট, কিং স্ট্রিট, এডালাইড স্ট্রিট, রিচমন্ড স্ট্রিট, কুইন স্ট্রিট, ডান্ডাস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত তকতকে ঝকঝকে অত্যাধুনিক এক শপিং মল। পাথ থেকে দিনের সূর্য বা রাতের চাঁদও দেখা যায়। কারণ, অনেক জায়গায় পাথের ছাদ চকচকে কাঁচের। তাই কোথাও কোথাও বাইরের রোদের আলো কিংবা জোছনার সঙ্গে ভেতরের বিদ্যুৎবাতির রহস্যের সহবাস ঘটে।
 
সারাক্ষণ বিয়েবাড়ির মতো ঝলমলে আলোকিত পাথ শহরের কেন্দ্রস্থলে অর্থনৈতিক কার্যকরতার গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার মাথার উপরে হাঁটার দূরত্বে চারিদিকে ছড়িয়ে আছে আন্তর্জাতিক কোচ টার্মিনাল থেকে শুরু করে সিএন টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থাপত্য, সংস্থা বা অন্যান্য প্রতিষ্ঠান। ফলে দিনে লক্ষাধিক পথচারী, পর্যটক যাতায়াত করেন এখান দিয়ে। বিশেষ করে প্রচণ্ড শীতের মৌসুমে যখন ঠাণ্ডা এবং বরফ পরে তখন এই ভূগর্ভস্থ শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়া পথগুলোকেই নিরাপদ মনে করে স্থানীয়রা।
 
ইত্তেফাক/আরএ