এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভুমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা বিতরণ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:০৮
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভুমি অধিগ্রহণ ক্ষতিপুরণের প্রায় ৭৫ কোটি টাকা বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ফার্মগেট পার্কে অস্থায়ী ক্যাম্প তৈরি করে এ অর্থ প্রদান করেন। এসময় প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যাক্তি পয়ত্রিশটি চেকের মাধ্যমে এ টাকা বুঝে নেন।
 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোঃ আল মামুন, ঢাকা জেলার ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ, তেজগাও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সংবাদমাধ্যম কর্মীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
ঢাকা জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১২০০ কোটি টাকা কয়েকধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ সেবার টাকা যাতে ক্ষতিগ্রস্তরা দালালমুক্ত, হয়রানীমুক্তভাবে স্বল্পসময়ে পায়, সেজন্য জেলা প্রশাসন এ প্রকল্পের সকল টাকা জনগণের দোরগোড়ায় গিয়ে অন দ্যা স্পটে হাতে হাতে বিতরণ করবে।
 
ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, দ্বিতীয় ধাপে তেজতুরী মৌজায় ৭৫ কোটি প্রদানের আগে প্রথম ধাপে মগবাজার মৌজায় আরো ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রচলিত নিয়মে অধিগ্রহণের জন্য মাসের পর মাস সময় লাগত। অনেকে হয়ারানীর শিকার হতেন। বর্তমান মৌজা ওয়ারী ক্যাম্প করে এ টাকা প্রদানে সর্বোচ্চ দুই সপ্তাহ সময়ের মধ্যে অধিগ্রহণকৃত এলাকায় জনসম্মুখে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে এ ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। কারো কোন আইনগত সমস্যা তৈরি হলে সকলের সামনে সাথে সাথে সমাধান দেয়া হচ্ছে।
 
সহকারী কমিশনার ভূমি (তেজগাও ) আব্দুল কাদির মিয়া জানান, জেলা প্রশাসনের এ ইনোভেশন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করবে, সকল ধরণের দূর্ণীতি দূর করতে সহায়তা করবে। ভবিষ্যতে সকল ধরণের অধিগ্রহণ কার্যক্রমে এ প্রক্রিয়াকে আদর্শ ধরে কার্যক্রম হাতে নেয়া হবে।
 
ইত্তেফাক/এমএইচ