মেহেরপুরের গাংনী উপজেলায় বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি পেলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর মামুন রশিদ বিকলুছ আহমেদসহ ১১ বিএনপি নেতা-কর্মী।
রবিবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ রবিউল হাসানের আদালতে মামলার অব্যাহতি চেয়ে তারা আবেদন করলে বিচারক তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যরা হলেন, বিএনপি কর্মী শিশিরপাড়া গ্রামের আব্দুল গাফ্ফার, আশিকুর রহমান, ছাতিয়ান গ্রামের খোকন, কোদাইলকাটী গ্রামের হোসেন আলী ও সিন্দুর কৌটা গ্রামের মহিবুল হক।
মামলার বিবরনে জানা গেছে, ২০১৪ সালের ২৭ নভেম্বর রাতে বামুন্দী বাসস্ট্যান্ডের অদূরে চঞ্চলের ইটভাটার কাছে একটি বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বামুন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কনক বিশ্বাস, কাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাইহীম হোসেন, বিএনপি নেতা বিকলুছ আহমেদসহ প্রায় ৩০ জনকে আসামি করে পুলিশ মামলা করে।
এ মামলায় বিএনপি নেতা বিকলুছ আহমেদকে ২০১৫ সালের ৫ জানুয়ারি গ্রেফতার করা হয়। পাশাপাশি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। এবং তাকে আদালতে পাঠানো হয়।
এ মামলায় ওই মাসের ২৭ তারিখে আদালত বিএনপি নেতা বিকলুছ আহমেদকে জামিন দেন।
মামলার তদন্তকারী অফিসার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান দীর্ঘদিন মামলাটি তদন্তের পর সাম্প্রতিক সময়ে আদালতে চার্জসিট প্রদান করেন। মামলার চার্জসিটে বিকলুছ আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে নাম না থাকায় বিজ্ঞ বিচারক তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।
ইত্তেফাক/এএসএমইউ
