তুরস্কে পর্যবেক্ষণ ফ্লাইট চালু করছে রাশিয়া

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৩৮
 
উম্মুক্ত আকাশ চুক্তির আওতায় সোমবার তুরস্কে পর্যবেক্ষণ ফ্লাইট চালু করছে রাশিয়ার পরিদর্শকরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা একথা জানান। 
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পারমানবিক ঝুঁকি হ্রাস কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান সের্গেই জাবেলোর বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে পর্যবেক্ষণ ফ্লাইট চলা শুরু হবে। এসব ফ্লাইটের সর্বোচ্চ সীমা ধরা হয়েছে ১৯শ’ কিলোমিটার এবং পুনরায় জ্বালানি নিতে এসব ফ্লাইট তুরস্কের ইস্কাইসেহির বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। 
 
স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক উম্মুক্ত আকাশ চুক্তির আওতায় এসব ফ্লাইট ইউরোপে আস্থা গড়ে তোলার অংশ হিসেবে চলাচল শুরু করে। আন্তর্জাতিক উম্মুক্ত আকাশ চুক্তির আওতায় ৩৪টি রাষ্ট্রের পূর্ণ আকাশসীমায় অস্ত্রবিহীন পর্যবেক্ষণ ফ্লাইট কর্মসূচি চালু হয়। ৩৪টি রাষ্ট্রের মধ্যে রাশিয়া এবং ন্যাটোর অধিকাংশ সদস্য দেশ রয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস