সাত খুন মামলা: পরবর্তী শুনানি ৩১ অক্টোবর

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:৪৭

 

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করেছে আদালত। 

এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আনীত অভিযোগ আজ সোমবার আদালতে পড়ে শুনানো হয়েছে। 
 
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আসামিদের অভিযোগ পড়ে শোনান। 
 
অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ফৌজদারী কার্য বিধির ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়েছে। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও কোনো সাফাই সাক্ষি দিবেন না বলে জানিয়েছেন।
 
এর আগে সকালে কড়া নিরাপত্তায় মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। 
 
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে এনসিসি’র প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করা হয়।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে