নাচ শেষেই মঞ্চে মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২১:৫৫
নাচের অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে। তখনই পড়ে গেলেন নৃত্যশিল্পী। নিয়ে যাওয়া হল হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। ডাক্তাররা মৃত ঘোষণা করলেন।
 
ভারতে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। মঞ্চে নাচের সময় এ ভাবেই শেষ নিঃশ্বাস ফেললেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে। রবিবার সন্ধ্যায় পুণের ভারত নাট্যমন্দিরে নাচের অনুষ্ঠান করছিলেন বছর চুয়াল্লিশের এই শিল্পী। নাচের অনুষ্ঠান শেষ হতে না হতেই মঞ্চে পড়ে যান।
 
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন অশ্বিনী। তাঁর স্বামী ও এক ছেলে রয়েছে। এমন প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া মারাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগতে।
 
বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয়ও করেছেন অশ্বিনী।  আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তবে এ সবের থেকেও নাচের প্রতি তাঁর আলাদা একটা টান ছিল। ভরতনাট্যম শিখেছিলেন। তাই অভিনয়ে এলেও সেই নাচটাকে কখনওই ভোলেননি। ছবি এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করে বেড়াতেন তিনি।
 
অশ্বিনীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহ-অভিনেতা ভাগ্যেশ দেশাই। অশ্বিনীর সঙ্গে আসন্ন একটি মরাঠি ছবিতে কাজ করছিলেন তারা। ডিসেম্বরেই ওই ছবি মুক্তি পাওয়ার কথা। ছবির শ্যুটিং শেষ হলেও ডাবিং করার কথা ছিল অশ্বিনীর। ভাগ্যেশ জানান, শনিবার ওই ছবির প্রচারমূলক ফটোশ্যুট করার কথা ছিল অশ্বিনীর। কিন্তু নাচের অনুষ্ঠানের জন্য তা বাতিল করেছিলেন ওই অভিনেত্রী। আনন্দবাজার
 
ইত্তেফাক/এমএইচ