অপেক্ষার সেই সোনালি চিল ‘অস্কার’ পেয়েও নাকি খুশি হতে পারেন নি মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। অথচ হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর মত শিল্পীদের কতো বছরের পর বছর অপেক্ষা করে হাতে পেতে হয়েছিলো এই অস্কার। ৩৩ বছর বয়সের এই অভিনেত্রী ২০১৩ সালে ‘লা মিজারেবল’ ছবিতে অভিনয় করে অস্কার আসরে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেন।
এক গণমাধ্যমের বরাতে জানা যায় সেদিন তিনি পুরস্কার হাতে নিয়েছিলেন ঠিকই কিন্তু এই পুরস্কার প্রাপ্তিতে তিনি খুশি হতে পারেন নি। সেদিন তার নিজের কাছে নাকি ভীষণ অস্বস্তি কাজ করছিল। পুরস্কার হাতে আসে যে চলচ্চিত্রের জন্য সেই ‘লা মিজারেবল’ চলচ্চিত্রে অ্যান ছিলেন পতিতার চরিত্রে।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে অ্যান বলেন, ‘অস্কার পেয়ে যে কেউ আনন্দিত হবে। কিন্তু আমার অপরাধবোধ হচ্ছিল। মনে হয়েছে, আমি যে পোশাক পরে মঞ্চে এলাম, সেটার মূল্য যতো টাকা সেটা অনেকে হয়ত সারাজীবনেও চোখে দেখেনি। এছাড়া কষ্টের চরিত্রে অভিনয় করে অস্কার জেতার কারণে মন খারাপ ছিল। খুশি না হয়েও মঞ্চে আমাকে খুশি হওয়ার অভিনয় করতে হয়েছিল।’
