কালীগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত প্রধান গুলিবিদ্ধ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১০:৩০
 
ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারে অস্ত্র ও গুলি উদ্ধারের সময় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৬) গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি এ অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
 
কালীগঞ্জ থানার  উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলম জানান, গত সোমবার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে।
 
তিনি আরো জানান, মঙ্গলবার ভোর রাতে বারবাজার-তাহেরপুর রোডের সিরা জাংগাল মাঠের মধ্যে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে নাসিরের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে। উভয় পক্ষের বন্দুক যুদ্ধের সময় নাসির পায়ে গুলিবিদ্ধ হন।
 
এ সময় থানার কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির হোসেন আহত হন বলেও জানান ইমরান আলম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটার গান, এক রাউন্ড গুলি ও দুটি দা উদ্ধার করে।
 
ইত্তেফাক/এমআর/আরএ