তাভেল্লা হত্যা মামলার বিচার শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৩:৫৭
 
ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। 
 
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানিয়েছেন, মামলার সাত আসামির মধ্যে পাঁচজন কারাগারে আছেন। বাকি দু্ইজন পলাতক রয়েছেন।
 
এর আগে গত ২৭ জুন ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি) আদালতে চার্জশিট দাখিল করেন। 
 
মামলায় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম ও অস্ত্র সরবরাহকারী ভাঙারি সোহেলকে পলাতক দেখানো হয়েছে। অপর পাঁচজন বিএনপি নেতা কাইয়ুমের ভাই এম এ মতিন, বাড্ডা এলাকার রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল ও শাখাওয়াত হোসেন কারাগারে রয়েছেন।
 
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গুলি করে হত্যা করা হয় নেদারল্যান্ডসভিত্তিক একটি এনজিওর কর্মকর্তা ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে (৫১)। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার পড়ে ডিবির ওপর। মামলায় গ্রেফতার হওয়া আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। 
 
ইত্তেফাক/এএসএস