‘পরিবহন মালিকদের গাড়ির ফিটনেস-ট্যাক্স-রুটপারমিট ঠিক রাখতে হবে’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:১৬
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সড়ক পরিবহন মালিকদের গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট ঠিক রাখলে পরিবহন ব্যবসা জনবান্ধব এবং দুর্ঘটনা হ্রাস পেয়ে এ খাত বিকাশমান শিল্পে রূপান্তরিত হবে। 
 
আজ মঙ্গলবার রমনা আই ই বি মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভায় তিনি এসব কথা বলেন।
 
সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর পরিচালনায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতা আলী আকবর, রুস্তম আলী খান, মো. গোলাম নবী, হাসান ইমাম, আহসান উল্যাহ চৌধুরী, গোলাম রসুল বাবুল প্রমুখ।
 
মসিউর রহমান রাঙ্গা আরো বলেন, সরকারিভাবে বিধি-নিষেধ থাকার পরও কিছু কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের সহায়তায় মহাসড়কে ছোট ছোট নানান নামে অবৈধ যানবাহন চালাচ্ছে। এতে করে প্রায়ই মহাসড়কে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মালিক-শ্রমিকদের সম্মিলিতভাবে সড়ক নিরাপত্তা বিঘ্নকারীদের প্রতিহত করতে হবে।
 
তিনি পরিবহন খাতে হয়রানিমূলক চাঁদাবাজী বন্ধ, মালবাহী গাড়ির জন্য সঠিকমানের ওয়েট স্কেল মেশিন প্রতিস্থাপন ও যানজট নিরসনসহ নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
 
তিনি স্থানীয় যেকোন সমস্যা বা ঘটনায় অহেতুক পরিবহন ধর্মঘট না ডেকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান। -বাসস।
 
 
 
 
ইত্তেফাক/এমআই