নওগাঁয় অপহৃত শিশু আক্কেলপুর থেকে উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১২:২৭
 
নওগাঁয় অপহৃত অনন্ত কুমার নামে (৭) এক শিশুকে জয়পুরহাটের আক্কেলপুর স্টেশন এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে হাস্তাবশন্তপুর মাঠের ড্রেন থেকে তাকে উদ্ধার করা হয়।
 
পুলিশ ও শিশুটির বাবা জানান, নওগাঁ সদর উপজেলার আথিতা গ্রামের স্বপন কুমারের শিশু পুত্র অনন্ত কুমার (৭) কির্ত্তিপুর মৌ কিন্ডারগার্টেন স্কুলের বেবি শ্রেণির ছাত্র। সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় অনন্ত অপহৃত হয়। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে ওই দিন বিকালে অনন্তের বাবা স্বপন কুমার বাদী হয়ে নওগাঁ মডেল সদর থানায় অভিযোগ দায়ের করেন। 
 
পরের দিন গতকাল মঙ্গলবার বিকালে অপহরণকারী  মোবাইল ফোনে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে অনন্তের বাবাকে আক্কেলপুর স্টেশনে যেতে বলেন। অনন্তের বাবা স্বপন কুমার খবরটি থানার ওসি তরিকুল ইসলামকে অবহিত করলে মোবাইল নম্বরের সূত্র ধরে ওই রাত ১০ টায় জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালালে অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কেলপুর স্টেশনের পশ্চিম পাশে একটি গভীর নলকুপের কাছে অনন্তকে ফেলে রেখে পালিয়ে যান। 
 
এমন সময় গভীর নলকুপের অপারেটর মিজান শিশুটিকে অসুস্থ অবস্থায় ড্রেনে পরে থাকতে দেখে চিৎকার করলে অনন্তের স্বজন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু অনন্তকে উদ্ধার করে। সেখানে অনন্তের বাবার কাছে তাকে হস্থান্তর করা হয়। 
 
নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ মোতরিকুল ইসলাম জানান, অনন্ত অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশের তৎপরতায় অপহরণকারীকে গ্রেফতার করা না গেলে ও অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে