কার্লোস আলবার্তোর প্রতি শ্রদ্ধা জানালেন পেলে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:২৫
অধিনায়ক ও সতীর্থ কার্লোস আলবার্তোর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭২ বছর বয়সে রিও ডি জেনিরোতে মৃত্যুবরণ করেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার কার্লোস আলবার্তো টরেস।
 
১৯৭০ সালে আলবার্তোর অধিনায়কত্বেই ব্রাজিল মেক্সিকো বিশ্বকাপের শিরোপা জিতেছিল। সেটি ছিল ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। ঐ বিশ্বকাপেই পেলে নিজেকে বিশ্বের সামনে অতিমানবীয় এক ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আর সেই দলেরই অধিনায়ক হিসেবে ফাইনালে ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করা ছিল কার্লোস আলবার্তোর অন্যতম সেরা সাফল্য। সেই সময়ে বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে আলবার্তোকে বিবেচনা করা হতো। আলবার্তোর হাত ধরেই মূলত জুলে রিমে ট্রফিটা পেলেদের হাতে উঠেছিল।
 
জাতীয় দল ছাড়াও পেলে ও কার্লোস আলবার্তো একসাথে নিজের ঘরের ক্লাব সান্তোসেও দীর্ঘদিন খেলেছেন। উত্তর আমেরিকান সকার লীগে নিউ ইয়র্ক কসমসেও দু’জন ছিলেন সতীর্থ। এক বিবৃবিতে পেলে বলেছেন, ‘আমাদের প্রিয় ‘ক্যাপিটা’, আমার বন্ধু ও ভাই কার্লোস আলবার্তোর মৃত্যুতে আমি সত্যিই দারুন ব্যথিত। সান্তোস, জাতীয় দল ও কসমসে একসাথে খেলার স্মৃতিগুলো এখন আমার মনে পড়ছে। তিনটি দলের হয়েই আমরা চ্যাম্পিয়ন ছিলাম। দূর্ভাগ্যবশত: এখন আমাদের এই শোক মেনে নিতে হবে, জীবন এভাবেই চলবে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।’
 
কার্লোস আলবার্তোর মৃত্যুতে সান্তোসের সাথে যৌথভাবে তিনদিনের শোক ঘোষনা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ এর পক্ষ থেকে শোক জানিয়ে বিবৃতিও দেয়া হয়েছে। সিবিএফ এর পতাকা অর্ধনমিত করা হয়েছে। সিবিএফ এর অধীনে সব প্রতিযোগিতায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করার নির্দেশ দেয়া হয়েছে।
 
নিউইয়র্ক কসমসের পক্ষ থেকেও শোক জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কার্লোস আলবার্তো শুধুমাত্র কিংবদন্তী খেলোয়াড়ই ছিলেন না, চমৎকার একজন মানুষও ছিলেন। তার মত একজন খেলোয়াড় এই ক্লাবে খেলায় আমরা সত্যিকার অর্থেই কৃতার্থ। তিনি সবসময়ই কসমস পরিবারের একজন অংশ হয়েই থাকবেন। 
ব্রাজিলের রাষ্ট্রপতি মাইকেল টিমারও শোক জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/এমএইচ