ডেমিঙ্গোর সঙ্গে চুক্তি বাড়ালো দ.আফ্রিকা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:২০
দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর চুক্তির মেয়াদ ২০১৭ সালের আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ফলে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সফরে প্রোটিয়া দলের কোচ হিসেবে থাকছেন তিনি।
 
চলতি বছরের প্রথম দিকে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্ব থেকেই দক্ষিণ আফ্রিকা দল বিদায় নেয়ায় ডোমিঙ্গোর অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল।
তবে সম্প্রতি নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের দারুণ সাফল্য ডোমিঙ্গোর অবস্থান শক্তিশালী করেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্টিভেন স্মিথের দলকে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা। 
 
সিএসএ প্রধান নির্বাহী হারুন লরগাত এক বিবৃতিতে বলেন, ‘ঘরোয়া ক্রিকেট পর্যালোচনা এবং দক্ষিণ আফ্রিকায় পুরো কোচিং ফ্রেমওয়ার্কের মূল্যায়ন শেষে বোর্ড মনে করছে বর্তমান সময়ের পারফরমেন্সের ভিত্তিতে ২০১৭ সালের ইংল্যান্ড সফর শেষ পর্যন্ত মি. ডোমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ানো উচিত। স্বাভাবিকভাবেই প্রোটিয়া দলের সাম্প্রতিক পারফরমেন্সই বোর্ডের এমন এক তরফা সিদ্ধান্তের মূল কারণ হিসেবে কাজ করেছে।’
 
স্বদেশি গ্যারি কার্স্টেন সরে দাঁড়ানোর পর ২০১৩ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব নেন ডোমিঙ্গো। 
 
ইত্তেফাক/এমএইচ