সোশ্যাল মিডিয়া নিয়ে ওবামার লেকচারে বিরক্ত সাশা!

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৮
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন সম্প্রতি তার ছোট মেয়ে সাশা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করেছে। পারিবারিক ডিনারে সোশ্যাল মিডিয়া বিষয়ক ওবামার বক্তব্য রেকর্ড করে সেটি স্ন্যাপচ্যাটে শেয়ার করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সে।
 
এর আগেও ১৫ বছর বয়সী সাশার অনলাইন কর্মকাণ্ড আলোচনায় এসেছে। গত জুলাইয়ে সাশার কিছু টুইটের প্রসঙ্গ ধরে কিছু মিডিয়া তার প্রকৃত অ্যাকাউন্ট খুজে বের করার চেষ্টা করে, কিন্তু তারা তাতে সফল হয়নি। একই ভাবে স্ন্যাপচ্যাটে পোস্ট হওয়া সেই ভিডিওটি জনসম্মুখে আসেনি। স্ন্যাপচ্যাটে কোনো বার্তা পোস্ট করা হলে তা একবার দেখার পরে বা কিছু সময় পরে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই রেস্ট্রিকশন এড়ানোর পদ্ধতিও রয়েছে। 
 
জনপ্রিয় টিভি শো জিমি কিমেল লাইভ টিভি শোতে ওবামা বলেন, এক রাতে ডিনারের সময়ে আমি বলছিলাম সাশার বয়সী মেয়েদের কাছে স্ন্যাপচ্যাট বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ওকে বললাম স্ন্যাপচ্যাট সম্পর্কে আমাকে বোঝাও। তখন সে আমাকে ব্যাখ্যা করে বোঝাতে থাকে, ‘তুমি ছবিতে বিভিন্ন রকম চেহারা স্থাপন করতে পারবে এবং আরো অনেক কিছু।’ এই আলোচনার শেষে মিশেল আর আমি বসেছিলাম, এবং বলছিলাম বিষয়টা আকর্ষণীয়।
 
ওবামা যোগ করেন, আমি তখন মিশেলের সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা শুরু করি। আমি পরে জানতে পারি যে সাশা পুরো সময় আমাদের আলোচনা রেকর্ড করছিলো এবং সেটি স্ন্যাপচ্যাটে তার বন্ধুদের কাছে পাঠায়। এর ক্যাপশন দেয়, এই হচ্ছে আমার বাবা যিনি আমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে লেকচার দিচ্ছেন। এরপর নিজের একটা ছবি নেয় যেখানে তাকে আমার কথায় বিরক্ত মনে হচ্ছিল।
 
ওবামা যোগ করেন, গত জুনে স্ন্যাপচ্যাটে যোগ দেয়া তার স্ত্রী মিশেল ও বড় মেয়ে মালিয়া পোস্টটি ‘লাভড’ (ফেসবুক লাইকের মতো) প্রতিক্রিয়া দিয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ