সরকার ভারতের কাছে দেশের জনগনের মতামতকে বিসর্জন দিচ্ছে: মির্জা ফখরুল

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২০:৫৭
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় থাকতে রামপালে বিদ্যুৎকেন্দ্র করার জন্য ভারতের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য জনগণের বিরোধিতা সত্ত্বেও তাদের মতামতকে উপেক্ষা করে রামপালের মতো গণবিরোধী এই প্রকল্প করা হচ্ছে। তাদের অবস্থান এমন, যে করেই হোক যত বাধাই আসুক এই বিদ্যুৎকেন্দ্র হবেই।
 
তিনি বলেন, ভারত সরকার জনগণের বিরোধিতার মুখে তাদের দেশে কয়লাভিত্তিক এই প্রকল্প করতে পারেনি কারন ভারত সরকার জনগণের দাবিতে সম্মান করে। কিন্তু দেশে বর্তমান ক্ষমতাসীন যে সরকার আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। সেজন্য তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা ভারতের কাছে দেশের জনগনের মতামতকে বিসর্জন দিচ্ছে।
 
রাজধানীর সেগুবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বুধবার সন্ধ্যায় এক সেমিনারে তিনি এ সব কথা বলেন। ''বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সংলগ্ন নির্মাণাধীন রামপাল তাপ ও কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভয়াবহ ধংসাত্মক প্রভাব ও বিপর্যয় নিয়ে 'সুন্দরবন বাঁচাও, রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র ঠেকাও” শীষক সেমিনারের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স।
 
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্য সৃষ্টি করে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে হবে। স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
 
ইত্তেফাক/এএম।