টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন আলী ইমাম মজুমদার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২০:৪৪
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে বুধবার বোর্ডের ৮৯তম সভায় যোগ দেন প্রাক্তণ মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। ২২ জুলাই ২০১৬ বোর্ডের ৮৮তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। বুধবার টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
১৯৭৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে তিনি সরকারি চাকুরি জীবন শুরু করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ বিমান ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের অবৈতনিক সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সুশাসন বিষয়ক প্রবন্ধ ও বিভিন্ন জাতীয় ইস্যুতে নিয়মিত মন্তব্যধর্মী লেখার মাধ্যমে অবসর যাপন করছেন।
 
উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবি’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যরা হলেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, চেয়ারপারসন; সেলিনা হোসেন, মহাসচিব; মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ; সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম. হাফিজউদ্দিন খান, রোকেয়া আফজাল রহমান, ড. এ.টি.এম. শামসুল হুদা, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং ড. আকবর আলি খান।