এক ব্যক্তিকে মেরে তার হাড় ভেঙে দিয়েছেন সালমান খানের দেহরক্ষী। সম্প্রতি এই অভিযোগ পাওয়া গেছে 'ভাইজানে'র দেহরক্ষীর বিরুদ্ধে। মুম্বাইয়ের ভিল পারলে এমন ঘটনা ঘটেছে বলে দাবি ভারতীয় মিডিয়ার।
সূত্রের খবর, ভিল পারলের একটি পাবে গণ্ডগোলের সূত্রপাত হয়। সেখানেই ওই ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সালমানের দেহরক্ষী শেরা। এবং, বন্দুক দেখিয়ে প্রথমে ওই ব্যক্তিকে ভয় দেখান তিনি।
এরপরই ওই ব্যক্তির ওপর হামলে পড়েন শেরা। মারধরের এক পর্যায়ে ওই ব্যক্তির হাড় ভেঙে যায়। এতে শেরার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর পরই শেরাকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ নম্বর ধারায়। যদিও, এ বিষয়ে সালমান খানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম
