বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণে ঢাকায় ক্যারল

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৮:০৬
আগামী বছরের আগস্টে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তাই বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পর্যবেক্ষনের জন্য ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল।
 
ইংল্যান্ড দল বর্তমানে বাংলাদেশ সফরে থাকতেই নিরাপত্তা পর্যবেক্ষণে এসেছেন তিনি। কারণ অতিথি দলগুলোকে বাংলাদেশ কেমন নিরাপত্তা দিচ্ছে তা স্বচোখে দেখতেই ক্যারলের এমন উপস্থিতি। 
 
২০১৫ সালে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অসিরা। এমনকি চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। ফলে অন্যান্য দলগুলোর বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সব সময়ই পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ সরকার।
 
তাই অনেক শংকা নিয়ে পরবর্তীতে বাংলাদেশ সফরের নিরাপত্তা পর্যবেক্ষণ করে ইংল্যান্ড দল। তাতে খুশী হয় ইংল্যান্ডের নিরাপত্তা কর্মীরা। ফলে বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড। তাদের সফর দেখেই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আগ্রহী হয়ে উঠেছে অস্ট্রেলিয়াও। তাই ইংল্যান্ডকে চলমান সফরে কিভাবে এবং কেমন নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ তা দেখতে ঢাকায় ক্যারল। 
 
ক্যারলের এমন সফরে খুশী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। ক্রিকইনফোকে এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার। তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা দেখতে ও বুঝতে চায়। এখানে কেমন নিরাপত্তা দেয়া হচ্ছে। আগামী বছরে বাংলাদেশ সফরে আসার ব্যাপারেও তারা ইতিবাচক।’
 
ইত্তেফাক/এমএইচ