বামপন্থীদের এক হতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২০:৩৮
 
 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভয়াবহ এক পরিণতি আজ আমাদের ওপর চেপে বসেছে। একবার আওয়ামী লীগ ক্ষমতায় যায়, আরেকবার বিএনপি যায়, ফলে ক্ষমতার হাতবদল হয়, বুর্জোয়া শাসনের অবসান হয় না। বুর্জোয়া শাসনের অবসান ঘটাতে এই দুই দলের বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ার ডাক দিয়ে বামপন্থী সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
 
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি’র চার দিনব্যাপী একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির কাউন্সিল অধিবেশন চলবে।
 
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যর্থ, বিএনপি আরও বেশি ব্যর্থ। এই বুর্জোয়া শাসন থেকে মুক্তি পেতে হলে মন্দের ভালো খুঁজে লাভ হবে না। এই দুই বুর্জোয়া দলের (আওয়ামী লীগ-বিএনপি) বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তির ঐক্যের সরকার কায়েম করতে হবে।
 
লিখিত বক্তব্যে সিপিবি সভাপতি বলেন, দেশের মানুষ বুর্জোয়া রাজনীতির প্রতারণা ও অপশাসনে অতিষ্ঠ। তারা এই জাঁতাকল থেকে মুক্ত হতে চায়। এই অসহনীয় পরিস্থিতিকে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিতে হবে বামপন্থীদের। তিনি বলেন, ‘আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই- দেশের সব কমিউনিস্টরা একতাবদ্ধ হোন। আসুন, বামপন্থীরা সবাই এক হই। দ্বি-দলীয় ধারার বাইরে এ দেশের সব বাম, প্রগতিশীল ও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি ও শক্তিকে আহ্বান জানাই ন্যূনতম ইস্যুতে হলেও পরিবর্তনের জন্য বৃহত্তর ঐক্য গড়ে তুলি।’
 
ইত্তেফাক/এএম।