নোবেল পাওয়ার বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। সাহিত্যে নোবেল প্রাপ্তির প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর তিনি জানালেন, ঐ পুরস্কারের ঘোষণা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।
নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, বব ডিলান টেলিফোন করে তাদের জানিয়েছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ঐ পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। তবে ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসবেন কিনা তা জানাননি তিনি।
অবশ্য যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বব ডিলান বলেছেন, তিনি সশরীরেই পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার প্রাপ্তির বিষয়টি অবিশ্বাস্য আর কল্পনার বাইরে ছিলও বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।
গত ১৩ অক্টোবর সাহিত্য নোবলে পুরস্কার পান বব ডিলান। আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। কিন্তু পুরস্কার প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়া জানাননি বব ডিলান। তার এই নীরবতা নিয়ে সৃষ্টি হয় আলোচনা-সমালোচনা। কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য তার এই আচরণকে ‘অবিনীত ও অহংকারী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। খবর: বিবিসি।
ইত্তেফাক/এএসএস
